রাঙামাটিতে প্রতিবেশী এক যুবকের হাতে পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী শিক্ষার্থী রিপন চাকমা নৃশংসভাবে খুন হয়েছে। এ ঘটনায় স্বপন চাকমা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রিপন চাকমা কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইজ্জাতলি মৌজার ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা। পড়াশোনার জন্য সে জীবতলী হেডম্যান পাড়ায় তার খালুর বাড়িতে থাকত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৫টার দিকে প্রতিবেশীর বাড়ির কাছ থেকে পানি আনতে যায় রিপন। সেখানে আগে থেকেই অবস্থান করছিল স্বপন চাকমা। একপর্যায়ে স্বপন শিশুটিকে ধরে একটি ঘরে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, ওই ঘরে ধারালো ছুরি দিয়ে রিপনের বুকে পরপর দুইবার আঘাত করা হয়। পরে শিশুটি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে তার গলায়ও ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।”
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।



