ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ একটি যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মহাসড়ককে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে ৪৯০টি পিলারে ‘অটো ফাইন সিস্টেম’ এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এতে কেউ গাড়ির নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টো পথে চলাচল করলে কিংবা নিষিদ্ধ স্থানে ওভারটেকিং করলে ক্যামেরা তা শনাক্ত করবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক এআই ক্যামেরা ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ট্রাফিক আইন ভঙ্গ করলে জরিমানার তথ্য গাড়ির মালিকের ফোনে চলে যাবে। তিনি বলেন, “মহাসড়কে কোনো গাড়ি আইন ভঙ্গ করলে জরিমানার তথ্য বিআরটিএ’র ডাটাবেজে চলে যাবে। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। মালিক অনলাইনে বা মোবাইলের মাধ্যমে সহজেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। তবে বারবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে গাড়ির নিবন্ধন বাতিলের বিষয়টি বিআরটিএ’র আইন অনুযায়ী বিবেচনা করা হবে।”
মহাসড়কে চাঁদাবাজির প্রবণতা কমবে উল্লেখ করে তিনি বলেন, “মহাসড়কে মালিক, শ্রমিক বা পুলিশের পক্ষ থেকে যে চাঁদাবাজি হয়, তা এখন থেকে মহাসড়কের ক্যামেরায় রেকর্ড থাকবে। ফলে আশা করি, এই প্রবণতা কমবে এবং জনগণের প্রচেষ্টায় আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারবো।”
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির সহ প্রমুখ।
উল্লেখ্য, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।



