Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

বাংলাদেশে প্রবেশের সময় তারা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে ছিলেন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১১:৩৬ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ১৪ জনই বিভিন্ন বয়সী পুরুষ। তারা মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বাংলাদেশে প্রবেশের সময় তারা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) তারা আলীকদম ব্যাটালিয়নের আওতাধীন কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নিয়ে ব্যাটালিয়ন সদরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজিবি জানায়, অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের ঘটনায় প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, “বুধবার রাতে বিজিবি আটক ১৪ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

   

About

Popular Links

x