ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক সন্দেহভাজন চোর গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) ভোর ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে বাদুরগাছা গ্রামের নিলুফার ইয়াসমিন নামে এক বিধবা নারীর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজন উপজেলার বাদুরগাছা গ্রামে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে নিলুফার ইয়াসমিন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করে। অনেক খোঁজাখুজির পর দুইজনকে আটক করে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহফুজ হোসেন বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”



