চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিবারের মতো চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী তিন বিভাগীয় শহরে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া চারটি ইউনিট ও তিনটি উপইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করে কর্তৃপক্ষ।
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তবে বি ১, বি ২ ও ডি ১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ইউনিট অনুযায়ী ভর্তি পরীক্ষার সম্ভাব্য সূচি
বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৩০ জানুয়ারি (শনিবার), কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৫ ফেব্রুয়ারি (শুক্রবার), ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি (শুক্রবার), সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি (শনিবার)।
এ ছাড়া তিনটি উপইউনিটের ভর্তি পরীক্ষার পৃথক তারিখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি (বুধবার), বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি (সোমবার)।



