Monday, August 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

হালাল সনদ দিতে পারবে ধর্ম মন্ত্রণালয়, মিললো আইনি ভিত্তি

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সংশোধিত বিধান জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

হালাল পণ্য ও সেবার মান নির্ধারণ এবং সনদ প্রদানের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব স্পষ্ট করেছে সরকার। এ লক্ষ্যে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এ সংশোধন আনা হয়েছে। গত ২৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এবং একই দিনে তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার ভিত্তিতে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে দায়িত্ব বণ্টনের তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের কার্যপরিধি নতুনভাবে নির্ধারিত হলো।

সংশোধিত বিধিতে ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’-এর অধীনে থাকা ২২ নম্বর দায়িত্বের পর নতুন করে ২৩ নম্বর বিষয় যুক্ত করা হয়েছে। সেখানে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ হালাল পণ্যের মানদণ্ড নির্ধারণ এবং এ-সংক্রান্ত সনদ প্রদানের দায়িত্ব এখন আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের আওতায় থাকবে।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের জন্য হালাল সনদ প্রদানের পাশাপাশি হালাল মান নির্ধারণের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে এসব কার্যক্রমের প্রশাসনিক ও আইনগত ভিত্তি নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

নতুন সংশোধনের ফলে সরকারের দায়িত্ব বণ্টনের কাঠামোয় হালাল মান ও সনদসংক্রান্ত বিষয়টি সরাসরি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যুক্ত হলো। এতে দেশে হালাল পণ্য ও সেবার মান নির্ধারণ, যাচাই এবং সনদ প্রদানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মন্ত্রণালয়টির দায়িত্ব আরও সুস্পষ্ট হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সংশোধিত বিধান জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

   

About

Popular Links

x