Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় পেছালো

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর ৩১ আগস্ট রায়ের নতুন দিন ধার্য করেছেন হাইকোর্ট

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়েছে। ৩১ আগস্ট রায়ের নতুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

এর আগে, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশু। বোনের শ্বশুর হিটু শেখ শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যাচেষ্টা চালান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আট বছর বয়সী ভুক্তভোগী শিশুর। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের সবাইকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ২০২৫ সালের ১৭ মে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়। খালাস পাওয়া আসামিরা হলেন—নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ এবং সজীবের মা জাহেদা বেগম।

প্রসঙ্গত, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে সেটি অনুমোদনের জন্য উচ্চ আদালতে প্রেরণ করতে হয়। এ মামলার নথিও গত বছরের ২১ মে হাইকোর্টে আসে। পরে মামলার পেপারবুক ৮ জুন হাইকোর্টে পাঠানো হয়। এরপর মামলাটি শুনানির জন্য বিশেষায়িত বেঞ্চের কার্যতালিকাভুক্ত হয়।

   

About

Popular Links

x