Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২:৪৭ এএম

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে ১৮ বছর আগের একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরের মে মাসে ওই মামলায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিলেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। তিনি জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় বিদিশা সাজাপ্রাপ্ত ছিলেন এবং আদালতের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া ওই মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের (অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড) রায় দেন।

মামলার বিবরণ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। অভিযোগে বলা হয়, বারিধারায় ফ্ল্যাট কেনার প্রয়োজন থেকে মোশাররফ ২০০১ সালের ১ জুলাই বিদিশার দেখানো একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় কেনার চুক্তি করেন। এর কিছুদিন পর বিদিশা তাকে বনানীর একটি অফিসে ডেকে নিয়ে তার মনোনীত ব্যক্তির নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার নেন, যা মোশাররফ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন। পরে দুই পক্ষের মধ্যে বায়নানামাও সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী রাজউকের অনুমোদন সাপেক্ষে ২০০২ সালের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ বাদীর। চাপ দেওয়ার পর ২০০৫ সালে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়, বলে অভিযোগে উল্লেখ করা হয়।

   

About

Popular Links

x