Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাম্পত্য কলহে স্ত্রীকে বেঁধে চুল কেটে নির্যাতনের অভিযোগ, স্বামী গ্রেপ্তার

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

বগুড়ার গাবতলীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হাত-পা বেঁধে মারধর এবং গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ইদ্রিস আলীর (৫০) বিরুদ্ধে। ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হাপানিয়া উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ইদ্রিস আলী হাপানিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার জয়ভোগা গ্রামের ওই নারীকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে।

অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় ভুক্তভোগীকে নির্যাতন করে আসছিলেন ইদ্রিস আলী। নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি।

মঙ্গলবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইদ্রিস আলী ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন। পরে ঘরের দরজা বন্ধ করে তার দুই হাত রশি দিয়ে বেঁধে ফেলেন। এরপর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মাথার চুল কেটে দেন এবং মারধর করে তাকে ঘরে আটকে রাখেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে হুমকি দিয়ে ইদ্রিস আলী চলে গেলে ওই নারী তার ১২ বছর বয়সী মেয়ের সহায়তায় ঘর থেকে বের হন। এরপর বাবার বাড়ি জয়ভোগা গ্রামে গিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার রাতে গাবতলী থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, স্ত্রীকে চুল কেটে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x