Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র

আগামী ২ সেপ্টেম্বর কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে দূতাবাস

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় আলাদা ভিসা সেন্টার চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস (কেভিএসি) ।

আগামী ২ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে দূতাবাস। একইসঙ্গে ভিসা আবেদনের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে।  

দূতাবাস জানিয়েছে, কেভিএসি চালুর পর সাধারণ ভিসার আবেদন গ্রহণ ও পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম শুধু এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে। তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট পাসপোর্ট বিতরণ আগের মতোই সরাসরি দূতাবাসে হবে।

নতুন ব্যবস্থায় কেভিএসির মাধ্যমে ভিসার আবেদন করতে আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার তারিখ ও পদ্ধতিসহ বিস্তারিত তথ্য বৃহস্পতিবার (২৭ আগস্ট) আলাদা বিজ্ঞপ্তিতে জানাবে দূতাবাস। তবে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দূতাবাস থেকে দেওয়া হবে।

ভিসা সেন্টার চালুর তারিখ, অপারেটিং সময়, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি, ভিসা আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, ফি এবং ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে ঘোষণা করা হবে।  

ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুকদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত ঘোষণাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্র চালুর মাধ্যমে আবেদনকারীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি আরও কার্যকর ভিসাসেবা নিশ্চিত করতে তারা সর্বাত্মক চেষ্টা করবে।

   

About

Popular Links

x