Friday, August 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌলভীবাজারে পিস্তল ও ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা জব্দ করা হয়।

আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। 

বিজিবি জানায়, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে এমন তথ্য গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

 

   

About

Popular Links

x