Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোক্তা অধিকার নয়, যে কারণে পুলিশের সামনেই নারীকে মারধরের ঘটনা

দাবি করা হচ্ছে, ওই নারী ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযোগ করায় তার ওপর হামলা হয়েছে

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

রাজবাড়ী শহরের বড় বাজার এলাকায় কাপড়ের ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানা নামের এক নারী উদ্যোক্তার বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই তাকে লাঞ্ছিত ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজবাড়ী শহরের কাপড়ের বাজারে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ওই নারী একজন ম্যাজিস্ট্রেট। আবার কেউ কেউ বলছেন, ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযোগ করায় তার ওপর হামলা হয়েছে।
 
তবে যাচাই করে দেখা গেছে, ভাইরাল ভিডিওর ওই নারী কোনো ম্যাজিস্ট্রেট বা ভোক্তা অধিকারবিষয়ক কর্মকর্তা নন। তিনি রাজবাড়ী শহরের বড় বাজারের একজন কাপড় ব্যবসায়ী। ব্যবসায়িক বিরোধের জেরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে তাকে ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকিয়া সুলতানার 'আস্থা পোশাক শিল্প' প্রতিষ্ঠানে শাহানা পারভীন বৃষ্টি নামে এক নারী সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। সেখানে জাকিয়ার সঙ্গে মনোমালিন্য হওয়ায় বৃষ্টি চাকরি ছেড়ে দেন এবং একই বাজারে নিজে একটি পোশাকের দোকান চালু করেন। ব্যবসায়ীদের দাবি, নতুন দোকান দেওয়ায় জাকিয়া সুলতানা ক্ষুব্ধ হয়ে বাজার কমিটির সভাপতি আজিজ মন্ডলকে বৃষ্টির দোকান বন্ধের চাপ দেন। এ নিয়ে সভাপতির সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে জাকিয়া সুলতানা অন্য নারীদের সঙ্গে নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল ও কাদেরিয়া মার্কেটে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

মার্কেটে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে কাপড় বাজারের ব্যবসায়ীরা তাকে ধাওয়া দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাকিয়া সুলতানাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কয়েকজন যুবক ওই নারী উদ্যোক্তাকে বেধড়ক মারধর করছেন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনার পর কাদেরিয়া মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে জাকিয়া সুলতানার গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ী সদর থানায় বিক্ষোভ মিছিল নিয়ে যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যবসায়ীদের অভিযোগ, জাকিয়া সুলতানা বাজারে আসার পর থেকেই নানা বিরোধে জড়াচ্ছেন এবং তার প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মীদের সঙ্গে অনৈতিক আচরণ ও নির্যাতন চালাতেন।

তবে সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বলেন, "আমার সাবেক কর্মচারী বৃষ্টি হিসাব না বুঝিয়ে নতুন দোকান নেওয়ায় আমি ব্যবসায়ী সমিতিতে লিখিত অভিযোগ দিই। কিন্তু সমিতি তা আমলে না নিয়ে উল্টো ব্যবসায়ীদের লেলিয়ে দিয়ে আমাকে লাঞ্ছিত ও মারধর করে বাজার থেকে বের করে দিয়েছে।"

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকে ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়েছে।

   

About

Popular Links

x