জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকর এলাকার ছাত্তার আলী (৪২), আব্দুল মালেক (৪৪) আনোয়ার হোসেন (৩২)। এদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক জানান, গত ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এক গৃহবধূর বাড়িতে গিয়ে সাবেক ইউপি সদস্য ছাত্তার আলী ও তার সহযোগী আব্দুল মালেক এবং আনোয়ার হোসেন মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
এ সময় চিৎকার শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে তারা গৃহবধূর মুখে গামছা পেঁচিয়ে বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে যান। পরে তারা তিনজন মিলে ওই গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেন। ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করতেন। এই ঘটনার তিন দিন পর নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
বিচার প্রক্রিয়ায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে সোমবার দুপুরে আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে, রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট জামিল হাসান তাপস।



