Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেলো বাস, আহত ৮ 

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়েছে

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস উল্টে ৮ জন যাত্রী আহত হয়েছেন। 

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে লৌহজং উপজেলায় সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়েছে। 

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিরা হলেন- মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া একটার দিকে বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়। 

দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাসটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটি প্রথমে সেতুর ডান দিকের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি পুরোপুরি ঘুরে গিয়ে বাঁ দিকে রেলিংয়ে আঘাত হানে এবং উল্টে যায়। 

পরে, বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’’ 

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে নূর ইসলাম নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। 

   

About

Popular Links

x