Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে রুল

এই রুলের ফলে দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে করছেন আইনজীবীরা 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

হামে আক্রান্ত এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।  

ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. আবু জাফরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জুয়েল আজাদ, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবিদা আসমা প্রমি। 

রিট আবেদনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে বিবাদী করা হয়। অন্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার ডিসি। 

সম্প্রতি রাজধানীর একটি শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অবহেলা ছিল কিনা- তা খতিয়ে দেখার কথাও বলেছেন আদালতা। 

আদালতের রুলে বলা হয়েছে, কেন এই শিশুর মৃত্যুর ঘটনায় সংবিধানের ৩১, ৩২ ও ৩৫(১) অনুচ্ছেদ অনুযায়ী তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানাতে হবে। 

এই রুলের ফলে শিশু মৃত্যুর ঘটনায় দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে করছেন আইনজীবীরা। 

এর আগে, গত ২৬ মে শ্যামলীর বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্লার্ক মো. শাকিলের সাত মাসের শিশু সাফওয়ান ইসলাম জাহিনের মৃত্যু হয়। 

এ ঘটনায় হাম নিয়ে অবহেলার অভিযোগ তুলে শাকিলের পক্ষে রিট আবেদন করেন আইনজীবী মো. জুয়েল আজাদ। 

সেখানে অবহেলার কারণ অনুসন্ধানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং অন্তর্বর্তীকালীন নির্দেশনার মাধ্যমে জরুরি ভিত্তিতে ৫ লাখ টাকা ও চূড়ান্তভাবে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়।  

   

About

Popular Links

x