নওগাঁর মান্দায় “ব্ল্যাকহোল ক্লাব” নামে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগে সুলতান ও পারভেজ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, খেলনা পিস্তল, ধারালো ডেগারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট এলাকায় ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, মান্দা থানার কুসুম্বা ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে “ব্ল্যাকহোল ক্লাব” নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। স্থানীয় কিশোরদের ওই গ্যাংয়ে যোগ দিতে বাধ্য করা এবং রাজি না হলে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে তারা এলাকায় বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল জাবের নিরব নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে সুলতান ও পারভেজের নেতৃত্বে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে মান্দা থানা পুলিশ। এর পরদিন ২৬ আগস্ট রাতেও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়।
ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা ও রাণীনগর থানা এবং মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওনের নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়।
পুলিশের তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে সুলতান ও পারভেজের অবস্থান শনাক্ত করা হয়। তারা ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে জানতে পেরে নওগাঁ ও বগুড়া জেলা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। পরে শেরপুর উপজেলার ফুড ভিলেজ এলাকায় ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ এবং দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে তারা নিজেদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে বলে দাবি পুলিশের।
পরে তাদের সঙ্গে নিয়ে সুলতানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, “সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলের হত্যা মামলাসহ সাইবার সুরক্ষা আইন, মারামারিসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা প্রায় আট মাস কারাগারে ছিলেন।“
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন প্রায়ই পকেটে সুইচ গিয়ার চাকু রাখতেন এবং তা দিয়ে মানুষকে আঘাত করতেন। পরে গ্রেপ্তার সুলতান ও পারভেজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



