Wednesday, September 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

চা পাতা তুলতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মীরার

২৫ থেকে ৩০ কেজি ওজনের চা পাতার ব্যাগটি তার ওপর পড়ে যাওয়ায় এ মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের  

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি চা বাগানের ড্রেন থেকে মীরা হাজরা (৪০) নামের এক নারী চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীরা হাজরা উপজেলার কালীঘাট ইউনিয়নের অন্তর্গত ফিনলে টি কোম্পানির ভাড়াঊড়া চা-বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। 

তিনি একই বাগানের চা শ্রমিক দিপু হাজরার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

চা বাগান ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা। দিনভর কাজ শেষে বিকেলে মাথায় তোলা চা-পাতার বোঝা নিয়ে ওজন দেওয়ার জন্য নির্ধারিত কেন্দ্রের দিকে রওনা হন। 

রাত হয়ে গেলেও ঘরে না ফেরায় তার সন্ধান শুরু করেন মীরার পরিবারের সদস্যরা। রাত ১১টার দিকে পরিবারের সদস্য ও সহকর্মীরা ওই সেকশনের ড্রেনের ভেতরে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, চা পাতা সংগ্রহের একপর্যায়ে পার হওয়ার সময় অসাবধানতাবশত তিনি ড্রেনে পড়ে যান। এসময় তার সঙ্গে থাকা আনুমানিক ২৫–৩০ কেজি চা পাতার বোঝা তার ওপর পড়ায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা ট্রিবিউনকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি সৎকারের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

   

About

Popular Links

x