Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ আরও ২

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। 

ওসি আব্দুস সালাম বলেন, “ভোররাত ৩টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ হন। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

নিখোঁজ দুই জেলে হলেন - নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “মহেশখালীর কুতুবজোম এলাকার খোন্দকারপাড়ার ফরিদ আলমের মালিকানাধীন ‘এফবি তাহসিন’ নামের ট্রলারটি গত মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরার উদ্দেশে যাত্রা করে।”

বৃহস্পতিবার ভোররাতের দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

নাজিরারটেকের স্থানীয় ব্যবসায়ী দিদারুল ইসলাম রুবেল বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পর আশপাশের জেলেরা নৌকা নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান এখনও পাওয়া যায়নি।”

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, “সোনাদিয়া দ্বীপের কাছে ট্রলারডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার ও আরও দুইজন নিখোঁজ হওয়ার কথা আমরা জেনেছি। আমাদের টিম তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।” 

   

About

Popular Links

x