চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতা ভ্রমণের ক্ষেত্রে আগেই হোটেল বুকিং নিশ্চিত করা এবং আবাসস্থলের নিরাপত্তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের কলকাতায় ১৯ আগস্ট হোটেলে অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। একইসঙ্গে হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে আগেই নিশ্চিত হয়ে ভ্রমণ করতে হবে।
চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগীদের সফরসঙ্গীদেরও আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেলের বুকিংয়ের বৈধতা, কক্ষের প্রাপ্যতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে যাওয়ার আগেই খোঁজ নিতে বলা হয়েছে।
উপ-হাইকমিশন জানায়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়ম মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনসংক্রান্ত সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছে উপ-হাইকমিশন।



