Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

কালীগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙে যায়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এ সময় আহত হন বাসের অন্তত ২০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর সদর হাসপাতাল এবং বারবাজারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।

আহতরা হলেন, ঝিনাইদহ সদরের কুড়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৫৮), সাকেদা গ্রামের শাবানা খাতুন (৩২) ও তার ছেলে সিয়াম হোসেন (১১) , ভিটশ্বর গ্রামের সাইদুল ইসলাম (৫০), কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাসুদ রানা (৩৫) ও বিথী খাতুন (৩১) এবং মহেশপুর উপজেলার নেপা গ্রামের আনজু বেগম (৬৫) ও সাবিনা খাতুন (২৮)।

এর মধ্যে মাসুদ, শাবানা ও সিরাজুল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতরা যশোর জেনারেল হাসপাতাল ও বারবাজারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, “বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।”

   

About

Popular Links

x