Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

কক্সবাজারে ১,৯৩৮টি আইফোন ও ৩০-৪০টি ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

এছাড়া চীনা পুলিশের র‌্যাংক ব্যাজ, চীনের জাতীয় পতাকা ও পুলিশের লোগোযুক্ত একটি টাইও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অহিদুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “ওই ছয় চীনা নাগরিকের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলা হয়েছে।'

একই ঘটনায় আরও চারজনকে পলাতক এবং ২৫০-৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে রিসোর্টের একটি হলরুম থেকে ১,৯৩৮টি পুরনো মডেলের আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিও, ৩০টি কিবোর্ড, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ৪০টি মাউস, একটি আইপিএস, ২৪টি কানেকশন বোর্ডসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

এদিকে, হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে উঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

তবে তারা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন কিংবা হোটেলে অবস্থান করে কী ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিলেন, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

   

About

Popular Links

x