Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাওনা ১৫০ টাকা চাওয়ায় অটোরিকশা চালককে হত্যা

রাজধানীতে রিকশাচালককে ইট দিয়ে মাথায় আঘাত করেন পূর্বপরিচিত অভিযুক্ত ব্যক্তি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

রাজধানীর ডেমরায় পাওনা মাত্র ১৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালককে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রনি নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ডেমরার কামারভোগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।

নিহত দেলোয়ার ওই এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে। অভিযুক্ত রনি একই এলাকার বাসিন্দা। পূর্বপরিচিত হওয়ায় তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর স্থানীয়রা রনিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, “দেলোয়ার ও রনি পরস্পরের পূর্বপরিচিত। প্রাথমিকভাবে জানা গেছে, দেলোয়ার রনির কাছে ১৫০ টাকা পেতেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া হয়। এ সময় রনি ইট দিয়ে দেলোয়ারের মাথায় আঘাত করেন।”

তিনি আরও জানান, রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটতে পারে। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ জানায়, রনি মাদকাসক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ঘটনার সময় সেখানে আর কেউ উপস্থিত ছিলেন কি না এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ইটটি কোথায় রয়েছে, সেসব বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x