ঢাকা থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু, নারীসহ ১২ জন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের ও মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৯) ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সকালে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে সদরপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা খাদ থেকে মরদেহসহ অ্যাম্বুলেন্সে থাকা সবাইকে উদ্ধার করেন।
এতে নারীও শিশুসহ ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আরেকটি অ্যাম্বুলেন্স করে তাদের জামালগঞ্জে পাঠানো হয়।
শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া বলেন, ‘‘জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের একটি মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকায় মারা গেছেন। স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে আজ সকালে বাড়ি ফিরছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সদরপুর এলাকায় সড়কের পাশে খাদে পড়ে যায়। একজন পথচারীর মাধ্যমে খবর পেয়ে মরদেহসহ সবাইকে উদ্ধার করা হয়েছে।’’



