Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইজিপি: দেশের সবখানেই ‘ষড়যন্ত্রকারী’ আছে 

‘ষড়যন্ত্রকারী’দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

শুধু পুলিশ বা সাংবাদিক নয়; দেশের সবখানেই ‘ষড়যন্ত্রকারী’ আছে বলে মন্তব্য করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। 

আইজিপি বলেন, ‘‘আপনারা জানেন, যখনই আমরা কোনো অন্যায়-অবিচার-দুর্নীতির বিরুদ্ধে কাজ করি, তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। এগুলো ইয়েলো সাংবাদিকতা।’’ 

সাংবাদিকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘‘সাংবাদিকদের বলব, আপনারা এর বিরুদ্ধে দাঁড়ান। আপনাদের দুয়েকজন যেমন আছেন, আমাদের পুলিশেও আছে খারাপ লোক। আমি একবার বলেছিলাম যে, আমাদের এক শতাংশ লোকও খারাপ না। এটা নিয়ে মিডিয়াতে বলা শুরু হলো যে, আমি পুলিশকে জায়েজ করছি।’’ 

আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘‘আসুন, ষড়যন্ত্রকারীদের আমরা চিহ্নিত করি। আপনাদের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে, আমাদের ভেতরেও আছে। সারা বাংলাদেশে আছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে আসুন সবাই মিলে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’’ 

জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, ‘‘আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে। তেমনি জামিনে বেরিয়ে এসে ছিনতাই করতে গিয়ে একজন শিক্ষককে মেরে ফেলা হলো। এই বিষয়গুলো প্রতিরোধ করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কারণ, এক হাজার জনগণের জন্য মাত্র একজন পুলিশ রয়েছে। যার কারণে সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে আইন প্রয়োগ করা দরকার।’’ 

   

About

Popular Links

x