Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টার কঠোর বার্তা

সাম্প্রতিক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

ইতালিতে অবস্থানরত দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‌‌‘‘আওয়ামী লীগের মতো একটি মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথেই ছিলেন।’’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট দেশটিতে ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার এই ঘটনা কোনোভাবেই ছেড়ে দেবে না উল্লেখ করে তিনি জানান, হামলাকারীদের এই অপকর্মই প্রমাণ করে যে নিষিদ্ধঘোষিত সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো কেমন মানসিকতার। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া গ্যাং’ মন্তব্য করে তিনি দেশের রাজনীতিতে তাদের প্রত্যাবর্তনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘‘ঘটিত অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা থাকলে এ ধরনের সহিংস কার্যক্রম পরিচালনা করা হতো না।’’

উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে মেস্ত্রে শহরের একটি পার্কে স্বজনদের সঙ্গে অবস্থানকালে তার ওপর হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে বাঁধন অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলাকারীরা নিজেদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে। এ ছাড়া তাকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা চালানো হয়।

   

About

Popular Links

x