চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের একটি অনুষ্ঠান উপলক্ষে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত আরিফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের প্রধান ফটকের ওপর রাত ৯টা ৫৫ মিনিটের দিকে বিভাগের একটি অনুষ্ঠানের ব্যানার টাঙাতে ওঠেন আরিফুল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফটকের ওপর ঝুলে পড়েন।
শিক্ষার্থীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেন। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, রাত ১০টা ৪৫ মিনিটে হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থীটি মৃত্যুবরণ করেছে।



