Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাচারের পথে বগুড়ায় বাস থেকে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার

ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসে তল্লাশি করে সাইড বক্স থেকে টিয়া পাখিগুলো উদ্ধার করে পুলিশ, পরে অবমুক্ত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

বগুড়ায় পাচারের পথে বিক্রয় নিষিদ্ধ ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে মহানগরীর ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে একটি বাসের সাইড বক্স থেকে টিয়া পাখিগুলো উদ্ধার করে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার (এসপি) মীর্জা সায়েম মাহমুদ এ তথ্য জানান। পরে তিনি বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে টিয়া পাখিগুলো অবমুক্ত করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, বগুড়া ডিবি ও শিবগঞ্জ সার্কেল পুলিশ বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে  খবর পায় যে, কয়েকজন অসাধু পাখি ব্যবসায়ী বিপুল পরিমাণ প্যারাকিট টিয়া পাখি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। পরে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাত ১১টার দিকে বগুড়া মহানগরীর ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসে তল্লাশি করে। এ সময় বাসের সাইড বক্সে দশটি প্লাস্টিকের খাচায় ১০৩টি প্যারাকিট টিয়া পাখি পাওয়া যায়।

ওসি ডিবি ইকবাল বাহার জানান, অভিযানের সময় টিয়া পাখিগুলো পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যান। ফলে তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আদালতের অনুমতিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় চত্বরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

   

About

Popular Links

x