মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে তিন ট্রাক ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। ট্রাকে মোট ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) সার ছিল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব সারের চালান জব্দ করা হয়।
সাব্বির আলম জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় বুধবার রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে স্থানান্তরকালে প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার আটক করা হয়। পাচারকাজে ব্যবহৃত ৩টি ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



