Friday, September 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

খাগড়াছড়িতে আগুনে পুড়লো ৫ দোকান

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

খাগড়াছড়ির মানিকছড়িতে আগুনে ওষুধের গুদামসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ময়ূরখীল (ধর্মঘর) এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিক আহাম্মদ জানান, ভোরে দোকান শেডে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ওষুধ, সার-কীটনাশক, আসবাবপত্র, মুদি ও চায়ের দোকানের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী আতুসে মারমা বলেন, “ভোরে আগুন লাগায় দোকান ও গুদাম থেকে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি তারা। ফলে অধিকাংশ মালামাল পুড়ে গেছে। তাঁর দোকানে প্রায় ৩০ লাখ টাকার ওষুধ ছিল।”

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিক আহাম্মদ বলেন, “ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

   

About

Popular Links

x