Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচি

কোনো যথাযথ তদন্ত ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ তাদের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’ পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে দুই পক্ষ পৃথক ব্যানারে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয়। দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চলে পাল্টাপাল্টি স্লোগান ও অবস্থান। এ সময় এলাকায় উত্তেজনা দেখা যায়।

চাকরিচ্যুত কর্মকর্তাদের অভিযোগ, কোনো যথাযথ তদন্ত ছাড়াই তাদের একসঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে। তারা চাকরি পুনর্বহালের দাবি জানান। 

এসময় নিয়োগে অনিয়ম বা জাল সনদের অভিযোগ থাকলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তদন্ত করা এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

অন্যদিকে, ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অভিযোগ, এস আলমের নিয়ন্ত্রণাধীন সময়ে অনিয়ম ও জাল সনদের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তিদের পুনর্বহালের দাবিতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। 

ফোরামের সহ-সভাপতি শামিম হাসনাইন জানান, ব্যাংকের কার্যক্রম সচল রাখা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক নিয়োগসংক্রান্ত সনদ যাচাই-বাছাই এবং পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বহাল রাখার উদ্যোগ নিয়েছিল। তবে সংশ্লিষ্টরা সেই পরীক্ষায় অংশ নেননি বলে দাবি করেন তিনি।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করে। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর গ্রাহক ফোরামের কর্মসূচিও শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

   

About

Popular Links

x