Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হলো

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হলো। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভাগটির বিভিন্ন হাসপাতালগুলোয় ১৪৬ জন ভর্তি হয়েছেন।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছেন। 

বর্তমানে মোট ৪৯৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা চার শিশুই হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। 

অন্যদিকে, সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৪৪ জনে। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, গত ৩ দিন কেউ মারা যায়নি৷ কিন্তু, ২৪ ঘণ্টায় দু’টি হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। যারাই মারা গেছেন, তারা সকলেই নানা রোগে আক্রান্ত ছিলেন। আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা করা হচ্ছে। আমরা নির্দেশনা দিয়েছি প্রতি উপজেলায়, যাতে করে অবস্থা বেশি খারাপ না হলে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

আর সংকটাপন্ন হলে যেন শহরে পাঠানো হয়। কিন্তু, দেখা যায় আমাদের ধারণক্ষমতার চেয়েও রোগী বেশি এসে ওসমানী, শামসুদ্দীন হাসপাতালে এসে ভর্তি হন। অনেকের অবস্থা ততটা খারাপ না থাকলেও এখানে আসায় চাপ আরও বাড়ছে। এটি তো একজনের দেহ থেকে অন্যজনে ছড়ায়। এভাবে আরো বাড়ছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য সচেতনতার বিকল্প নেই বলেও জানান তিনি।

   

About

Popular Links

x