Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে পদ্মা নদীতে ভেসে এলো নারীর অর্ধগলিত মরদেহ

২৩ দিনের ব্যবধানে পদ্মা থেকে দ্বিতীয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

ফরিদপুরের পদ্মা নদীর দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র ২৩ দিনের ব্যবধানে পদ্মা থেকে দ্বিতীয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত কারও পরিচয়ই শনাক্ত করা যায়নি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

নৌ-পুলিশের উপপরিদর্শক তপন কুমার নন্দী জানান, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক নারীর, যা ইতিমধ্যে পচে-গলে ফুলে গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি। পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২২ আগস্ট সন্ধ্যায় পদ্মা নদীর আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকা থেকে আরেক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছিল নৌ-পুলিশ। পুলিশের ভাষ্যমতে, ওই মরদেহটির শরীর ক্ষতবিক্ষত ও পচনশীল অবস্থায় পাওয়া যায়। হাত-পায়ের বিভিন্ন চিহ্ন দেখে প্রাথমিকভাবে তাকে সনাতন ধর্মাবলম্বী মনে করা হলেও ২৩ দিন পার হয়ে গেলেও তার পরিচয় জানা যায়নি। পরবর্তীতে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।

ফরিদপুর কোতোয়ালি নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুটি মরদেহই পচনশীল অবস্থায় পাওয়া যাওয়ায় পরিচয় শনাক্তে বেগ পেতে হচ্ছে, কারণ প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গই নষ্ট হয়ে গেছে।“

তিনি জানান, ২২ আগস্ট উদ্ধার হওয়া মরদেহটি প্রাথমিকভাবে সনাতন ধর্মাবলম্বী বলে মনে হলেও আজও কেউ এসে খোঁজ নেয়নি। ওই মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

শফিকুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে মরদেহগুলো উজান থেকে ভেসে এসেছে, বিশেষ করে পাবনা, ঈশ্বরদী কিংবা রাজবাড়ীর দৌলতদিয়া অঞ্চল থেকে ভেসে আসার সম্ভাবনাই বেশি বলে মনে করছে পুলিশ।

   

About

Popular Links

x