স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত ধাপের সম্ভাব্য তারিখের বিষয়ে কিছু জানে না সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, “আমরা পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনগুলোতে দেখেছি নির্বাচন কমিশন কয়েক ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমি দেশবাসীকে জানাতে চাই, এ ব্যাপারে সরকার কিছু জানে না এবং সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।’
মীর শাহে আলম আরও বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতিমূলক সভা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।”
এতে বাজেটের বাজেটসহ বিভিন্ন বিষয় থাকে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।”
এর সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন।
আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন। প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে বলেও জানান তিনি।



