মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার উদ্যাগে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকরা ৭৫০ বস্তা (৩৭ হাজার ৫০০ কেজি) সিমেন্ট জব্দ করা হয়।
এ সময় পাচার কাজে ব্যবহৃত ১টি বোটসহ ৫ জনকে আটক করা হয়। জব্দ করা সিমেন্টের মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



