চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আসন বণ্টনে অস্বচ্ছতার অভিযোগ তুলে হল প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এ দাবিতে প্রভোস্টের কক্ষ ও হল অফিসে বাইরে থেকে তালা দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আলাওল হল সংসদের প্রতিনিধিদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় প্রভোস্ট কক্ষে অবস্থান করছিলেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, হল সংসদের সঙ্গে প্রভোস্টের সমন্বয়হীনতা, সংসদের স্বাভাবিক কার্যক্রমে বাধা, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং উন্নয়নমূলক কাজে দীর্ঘসূত্রিতা রয়েছে। দীর্ঘদিন ধরে আসন বণ্টনেও অস্বচ্ছতা চলছে বলে দাবি তাদের।
এ ছাড়া শিক্ষার্থীদের সাংবাদিক পরিচয়ে হুমকি দেওয়া, জরুরি সংস্কারকাজ আটকে থাকা এবং হলের বিভিন্ন বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও করেছেন তারা।
হল সংসদের নেতৃবৃন্দ বলেন, এসব সমস্যা সমাধানে প্রভোস্ট ও হল প্রশাসনকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, প্রভোস্ট দায়িত্ব পালনে অবহেলা করেন এবং শিক্ষার্থীদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন। শিক্ষার্থীদের কার্ড জমা নিয়ে রাখা ও হল সংসদের সঙ্গে সমন্বয় না করার অভিযোগও রয়েছে। প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতার কারণে হলের পরিবেশ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলে দাবি তাদের।
এর আগে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে প্রভোস্ট কক্ষে থাকা অবস্থায় তার কক্ষ ও হল অফিসে বাইরে থেকে তালা দেন তারা।
আলাওল হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) বলেন, “আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। তাদের কল্যাণেই আমাদের কাজ করতে হয়। হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা তার পদত্যাগ চান। তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ হল প্রভোস্টের কক্ষে তালা দিয়েছি।”



