কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মোহাম্মদ ফয়সাল (২৭) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়মহেশখালীর পূর্ব ফকিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান।
ওসি জানান, সকাল ৭টার দিকে ব্যবসায়ী কেফায়াতউল্লাহ মৌলভীর একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় ঢোকেন ফয়সাল, যেখানে স্টিলের আলমারি ও ফাইল ক্যাবিনেট তৈরির একটি ওয়ার্কশপ রয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, তখন চোর সন্দেহে তাকে আটক করে মারধর করা হয়। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজন যুবক ও কিশোর তাকে পেটাচ্ছেন।
ফয়সালের বাবা বাদশা মিয়া জানান, সকাল ৮টার দিকে ঘুম ভেঙে তিনি জানতে পারেন তার ছেলেকে কয়েকজন মারধর করছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে, পরে হাসপাতালে গিয়ে জানেন তিনি মারা গেছেন। বাদশা মিয়ার অভিযোগ, কেফায়াতউল্লাহর নেতৃত্বেই তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ওসি আবদুস সুলতান বলেন, “ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। নিহতের মা এজাহার দেবেন বলে জানিয়েছেন, তবে মরদেহ দাফনের পর তারা থানায় এসে মামলা করবেন।“



