আন্তর্জাতিক অপরাধ আদালতে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সর্বশেষ সাজা পাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আসামীদের ফেরানোর বিষয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ করার কথা জানিয়েছেন শামা ওবায়েদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিং করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এটা একটা চলমান প্রক্রিয়া। আগে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামীদের ফেরত চাওয়া হয়েছে, সেভাবে এবার কাজ চলবে।’’
তিনি আরও বলেন, “ইতিমধ্যে আপনারা জানেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং শহীদ হাদির যারা খুনি, তারাও যারা ওখানে কারারুদ্ধ অবস্থায় আছে, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী কাজ চলছে এবং সেই চিঠিপত্র আদান-প্রদান চলছে।”
এর আগে পাঠানো প্রত্যর্পণের চিঠির বিষয়ে ভারতের জবাবের বিষয়ে আরেক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘‘এক্ষেত্রে দুদেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে। ভারতের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর ঢাকা পায়নি।’’



