ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত ট্রানজিট বিরতি করেছেন জার্মানিগামী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌনে এক ঘণ্টার এই যাত্রাবিরতিকালে তাকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, চার্টার্ড ফ্লাইটে জার্মানি যাওয়ার পথে দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিরতিকালে স্থানীয় সরকারমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।
সংক্ষিপ্ত এ বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দীর্ঘদিনের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে, ১৯৭১ সালে প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে ভুটানের ঐতিহাসিক স্বীকৃতির কথা স্মরণ করে এই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনাকালে ভুটানের 'গেলেপু মাইন্ডফুলনেস সিটি' (জিএমসি) উন্নয়ন প্রকল্পে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়। এ ক্ষেত্রে পেশাজীবীর পাশাপাশি দক্ষ ও আধাদক্ষ মানবসম্পদ পাঠানোর বিষযে আলোকপাত করা হয়।
এছাড়া, সমন্বিত আঞ্চলিক উন্নয়নের স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগ স্মরণ করা হয় এবং এ ক্ষেত্রে ভুটানের সমর্থন বজায় রাখার অনুরোধ জানান দুই মন্ত্রী।
এ সময় ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জিসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



