বগুড়ায় একটি ফিলিং স্টেশনে গ্যাস প্লান্টে বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সদরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে ফিলিং স্টেশনের গ্যাস প্লান্টের ছাউনি, নিরাপত্তা দেওয়াল ও ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। ফিলিং স্টেশনে থাকা কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া এ খবর দিয়েছেন।
অতিথি ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ করে গ্যাস প্লান্টের ভেতরে সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে প্লান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অটোরিকশা চালকসহ পাঁচজন আহত হন।
খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে অটোরিকশা চালকসহ পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গ্যাস রিফিল করার স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
বগুড়া অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন জানান, কিভাবে বিস্ফোরণ ঘটে সে ব্যাপারে তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। গ্যাস প্লান্ট, বয়লার ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষতিক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া জানান, শনিবার দুপুরে ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনের গ্যাস প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফিলিং স্টেশনের এক কর্মচারি, সিএনজি অটোরিকশা চালক ও তিনজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের বগুড়া শজিমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।



