Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্কুলের মিড ডে মিল খেয়ে হাসপাতালে ৩৭ শিক্ষার্থী

শিক্ষার্থীরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বলে জানা গেছে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিলের খাবার খাওয়ার পর তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে অন্তত ২০ জন। অসুস্থ শিক্ষার্থীরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বলে জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার পর এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, সোমবার মিড ডে মিলে দুধ ও পাউরুটি সরবরাহ করা হয়েছিল, আর দুধ খাওয়ার পরপরই তাদের মধ্যে পেটব্যথা ও বমির লক্ষণ দেখা দেয়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার জানায়, মিড ডে মিলের দুধ খাওয়ার পর সবার পেটব্যথা শুরু হয় এবং অনেকে স্কুলেই বমি করে ফেলে। তার অভিযোগ, প্যাকেটজাত দুধ তিতা ও নষ্ট হয়ে গিয়েছিল এবং বিষয়টি শিক্ষকদের জানানো হলেও তারা খেয়ে নেওয়ার নির্দেশ দেন।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীম হাসান বলেন,”দুধ খাওয়ার পর থেকেই আমার পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং বমি বমি ভাব থাকলেও বমি করতে পারছিলাম না।“

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিশাত জানান, দুপুর ২টা থেকে এ পর্যন্ত প্রায় ৩৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের মধ্যে বমি ও পেটব্যথার লক্ষণ রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সুস্থ হয়ে ওঠা শিক্ষার্থীদের ইতিমধ্যে বাড়ি পাঠানো হয়েছে। তিনি জানান, বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু নেই।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, “অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে এবং ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।“

   

About

Popular Links

x