Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

যৌতুকের জন্য গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ, স্বামী আটক

বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

ভোলার দৌলতখানে যৌতুকের দাবিতে আখি আক্তার (১৯) নামে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী হাসনাইন আহমেদ মুসাকে (২৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আটক মুসা উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের চালতাতলী গ্রামের বাসিন্দা।

জানা যায়, প্রায় ৫ মাস আগে একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামে পারিবারিকভাবে বিয়ে হয় আখি ও মুসার। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। গত রবিবার বিকেলে আখি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন, তবে এসিড নিক্ষেপের ঘটনাটি প্রথমে গোপন রাখেন। মঙ্গলবার সকালে পরিবারকে শরীরের ক্ষত দেখানোর পর অবস্থার অবনতি দেখে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করান।

ভুক্তভোগী আখি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালাতেন। শুক্রবার সকালে স্বামী তাকে মারধর করেন এবং শনিবার মধ্যরাতে বাজার থেকে এসিড কিনে এনে তার শরীরে ঢেলে দেন। এরপর তাকে ঘরে আটকে রাখা হয়। রবিবার সুযোগ বুঝে তিনি বাবার বাড়িতে পালিয়ে আসেন।

আখির মা রেহানা বেগম অভিযোগ করেন, বিয়ের পর জামাই ব্যবসা করার কথা বলে অতিরিক্ত স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।। যৌতুক না পাওয়ায় মেয়েকে নির্যাতন করা হতো, যা নিয়ে এর আগে ৫-৬ বার সালিশও হয়েছিল।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, আখির বুকে ও পেটের উপরিভাগে পোড়ার (বার্ন) চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত। চিকিৎসা চলমান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। তবে এখনও থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।“

   

About

Popular Links

x