স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে এ বছর নির্বাচনের সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা জানিয়েছে। তবে শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক হয়নি।”
জ্বালানি তেলের দাম বাড়ার কোনো প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশন এখনো ভোটের দিনক্ষণ নির্ধারণ করেনি। ফলে এখনই মানুষের প্রতিক্রিয়া কী হবে, তা বলা কঠিন; নির্বাচনের সময় এলেই বিষয়টি বোঝা যাবে।”
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে আমাদের খরচ হবে ২ম৭০০ থেকে ২,৮০০ কোটি টাকা, উপজেলা নির্বাচনে লাগবে ২,২০০ থেকে ২,৩০০ কোটি টাকা। এই দুইটা নির্বাচনেই বড় খরচ। আর বাকি পৌরসভা ৩৩০টা পৌরসভা, সিটি কর্পোরেশন মাত্র ১৩টি। এগুলোতে খরচের পরিমাণ অনেক কম বলেও জানান তিনি।
এর আগে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, আগামী ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা জানান। সাত ধাপে নির্বাচন হবে বলেও জানান তিনি।



