রোহিঙ্গা সংকট নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে প্রায় ১০০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
জাতিসংঘ আয়োজিত এই বৈঠকের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখা, মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো চিহ্নিত করা এবং রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা।
বৈঠকে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রতিনিধিত্ব করছে যথাক্রমে তুরস্ক ও কুয়েত।
এর আগে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে তিনি বলেন, “সংকটের স্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এজন্য আরও কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।”



