Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

আট বছরের শিশুর হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

অভিযুক্ত কনস্টেবল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

নাটোরে আট বছরের এক শিশুর হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ইফতে খায়ের আলম। অভিযুক্ত কনস্টেবল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত।

আহত শিশুকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার বাবা।

শিশুটির বাবা বলেন, "বুধবার রাতে একটি পিকনিকের আয়োজন করা হয়। সেখানে আমার ছেলের সঙ্গে কনস্টেবলের চার বছরের মেয়ের কথা-কাটাকাটি হয়। বিষয়টি আমরা পারিবারিকভাবে সমাধান করে দিই। কিন্তু দুপুরে কনস্টেবল ডিউটি থেকে ফিরে এসে আমার ছেলেকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়। সেখানে খাটের চৌকাঠের ওপর হাত রেখে বটি দিয়ে কোপ দিয়ে ছেলের আঙুল আলাদা করে ফেলে।"

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে শিশুর বাবা অভিযুক্ত কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জানা গেছে, ঘটনার পরপরই কনস্টেবল আত্মগোপন করেছেন। দুই পরিবার একই ভবনে বসবাস করে।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, কনস্টেবলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আট বছরের ছেলেটি তার চার বছরের মেয়েকে যৌন নিপীড়ন করেছে। এই দাবির সত্যতা যাচাই হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ইফতে খায়ের আলম বলেন, "বিষয়টি আমরা শুনেছি। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

   

About

Popular Links

x