সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক শাহীন কাদিরের (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে শাহীন কাদির শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রাতের খাবারের জন্য ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে তারা ধর্মপাশা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহীন কাদির ধর্মপাশা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা। স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের জটিল রোগে ভুগছিলেন।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”



