Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

থানায় কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে আটক জামায়াত-বিএনপির কর্মী-সমর্থক 

এর আগে, গত ৯ মে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে পুলিশের হাতে আটক হয় মিরপুর বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের নেতাকর্মী ও বিএনপি সমর্থকসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) মুচলেকা দিয়ে থানা থেকে মক্ত হন তারা। এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে মিরপুর থানায় তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াতে ইসলামীর সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০) এবং বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)। 

মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। 

কৃষক লীগ নেতা হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন। 

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘‘নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়।’’  

ওসি আরও জানান, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ ধরা পড়া মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় স্থানীয় বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মী। পরে তাদেরও থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

   

About

Popular Links

x