চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া বারশত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে অসুস্থতার কথা বলে তাসফিয়া নিজের কক্ষে যায়। কিছু সময় পর তার মা মেয়েকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন, ঘরের ভেতরে সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



