মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। প্রায় দুই মাস আগে তিনি সেখানে যোগ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাঈদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ৮৭।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ বলেন, “ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা মামলায় সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।“
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “আশুলিয়া থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি সাঈদ আলী। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের একটি দল নিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।“
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলা কৃষি কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে আশুলিয়া থানা-পুলিশ ও মামলার বাদী সেখানে আসেন।“
তিনি বলেন, “বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিরাজদিখান থানার ওসির সঙ্গে কথা বলার পর সাঈদ আলীকে প্রথমে সিরাজদিখান থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।“
রফিকুল ইসলাম আরও জানান, সাঈদ আলী প্রায় দুই মাস আগে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে যোগদান করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় থাকার কথা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।



