Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘চাপ দিলে নাম ফাঁস করে দেব’-কিশোর গ্যাং নিয়ে কুমিল্লার পুলিশ সুপার

আমার কুমিল্লা অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ এএম

কুমিল্লায় চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানে কোনো চাপ নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তিনি বলেছেন, “অভিযান থামাতে কেউ চাপ দিলে তিনি সাংবাদিকদের সামনেই তার নাম প্রকাশ করে দিব।”

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে “আমার কুমিল্লা” অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাগরিক সেবা সহজ করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও সেবায় জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে অ্যাপটি চালু করেছে কুমিল্লা সিটি করপোরেশন।

এসপি বলেন, "অভিযানে কেউ চাপ দেয়নি। আজ পর্যন্ত আমাকে কেউ ফোনও করেননি। বরং সবাই সাধুবাদ জানিয়েছেন।"

অভিযানের নামে হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “কিশোরদের আটকের পর হয়রানি বা টাকা নেওয়ার প্রমাণ পেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে তাৎক্ষণিক বরখাস্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে "এক ফোঁটাও ছাড় নেই।"

পুলিশ সুপার দাবি করেন, যেসব শিক্ষার্থী বা কিশোর অপরাধে জড়িত নয়, তাদের যাচাই-বাছাই করে অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে। অভিভাবকদের সন্ধ্যার পর সন্তানদের বাইরে না রাখার অনুরোধ করা হচ্ছে।

কিশোর গ্যাংয়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “এ অভিযান অব্যাহত থাকবে।”

এসপি আরও জানান, অপ্রতিম হত্যা মামলার পর কিশোর গ্যাংয়ের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়। তালিকা তৈরির পর গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন দিনে জেলার ১৮ থানায় অভিযান চালিয়ে গ্যাং লিডারসহ মোট ১ হাজার ২৯৪ জনকে আটক করা হয়েছে।

   

About

Popular Links

x