Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা রিমান্ডে

সোমবার রাতে কক্সবাজারের একটি রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি সাজেদুর রহমান শাহিনসহ গ্রেপ্তার চার নেতাকর্মীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে সদর থানার একটি ছাত্র আন্দোলনের মামলায় রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করেন। 

গত সোমবার রাতে কক্সবাজারের সদর থানা এলাকার রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছিলেন বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। 

গ্রেপ্তাররা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার বনভেটি গ্রামের জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন (৫২), একই উপজেলার গন্ডগ্রাম মিয়াপাড়ার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), বগুড়া সদরের নারুলী পশ্চিমপাড়ার শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং কৈচড় গ্রামের স্বেচ্ছাসেবক লীগের কর্মী ফৌরদৌস হোসেন (২৬)।

বগুড়ার ওসি ডিবি ইকবাল বাহার জানান, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ২০২৪ সালের ছাত্র আন্দোলন চলাকালে হামলা, সহিংসতা ও হত্যাসহ অসংখ্য অপরাধের সঙ্গে জড়িত। 

এরমধ্যে শাহিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ ১১টি এবং আসামি ভাদুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনের মামলাসহ নয়টির অধিক মামলা বিচারাধীন। 

অন্য দু’জনের বিরুদ্ধে একই রকম অপরাধে জড়িত থাকায় আদালতে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা পর থেকে আসামিরা আত্মগোপন ছিলেন। 

গোপন খবর পেয়ে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের সদর থানার কলাতলী ব্রিজ এলাকায় একটি রিসোর্ট ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে আসামিদের আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তাদের উপর ডিম নিক্ষেপ করেন। রিমান্ড চাইলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চারজনের প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

   

About

Popular Links

x